খুমুলুঙে শপথ নিলেন টিটিএএডিসি-র নবনির্বাচিত সদস্যরা, 'ইয়ং ত্রিপুরা’ গড়ার ডাক প্রদ্যোৎ কিশোরের
আগরতলা, ২৭ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-র নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে সোমবার থেকে শুরু হল ১৪তম প্রশাসনের পথচলা। খুমুলুঙে কাউন্সিল ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিপ্রা মথার ২৪ জন নবনির্
শপথ নিলেন ২৪ জন এমডিসি


আগরতলা, ২৭ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-র নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে সোমবার থেকে শুরু হল ১৪তম প্রশাসনের পথচলা। খুমুলুঙে কাউন্সিল ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিপ্রা মথার ২৪ জন নবনির্বাচিত সদস্য শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান রাজ্য সরকারের আইন সচিব শংকরী দাস।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন, দলের সভাপতি তথা বর্ষীয়ান রাজনীতিবিদ বিজয় কুমার রাঙ্খল, দলের একাধিক বিধায়ক এবং শীর্ষ নেতৃত্ব। নবনির্বাচিত সদস্যরা ককবরক ভাষায় শপথ গ্রহণ করেন, যা অনুষ্ঠানে এক বিশেষ তাৎপর্য যোগ করে।

অনুষ্ঠানের আগে নবনির্বাচিত সদস্যদের সঙ্গে পরিচিত হন প্রদ্যোৎ কিশোর দেববর্মন ও অন্যান্য নেতৃবৃন্দ। সদস্যরা প্রবীণ নেতৃত্বের আশীর্বাদ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে সবাই মিলে গ্রুপ ছবি তোলেন।

পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদ্যোৎ কিশোর দেববর্মন বলেন, “আমাদের সামনে অনেক কাজ রয়েছে। নতুন ত্রিপুরা এবং ইয়ং ত্রিপুরা গড়তে হলে প্রশাসনিক স্তরে পরিকাঠামোগত পরিবর্তন অত্যন্ত জরুরি।” তিনি যুব নেতৃত্বের গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, “সার্কভুক্ত দেশ নেপালে যদি ৩৫ বছরের একজন যুবক প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে আমাদের রাজনীতিতেও যুব সমাজকে এগিয়ে আনতে কোনও বাধা থাকার কথা নয়।”

এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেন বিজেপির চারজন নবনির্বাচিত সদস্য। নির্বাচনোত্তর সন্ত্রাসের অভিযোগে প্রতিবাদ জানিয়ে তাঁরা অনুষ্ঠানে যোগ দেননি বলে জানা গেছে। তবে পরবর্তী সময়ে তাঁরা শপথ গ্রহণ করবেন বলে সূত্রে খবর।

এদিকে, টিটিএএডিসি-র নতুন পরিষদে মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম), উপ-মুখ্য কার্যনির্বাহী সদস্য এবং অন্যান্য এক্সিকিউটিভ মেম্বারদের নাম ও দফতর বণ্টন আগামী সপ্তাহে ঘোষণা করা হবে বলে তিপ্রা মথা সূত্রে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande