টিটিএএডিসিতে ১২০ জনের নিয়োগ নিয়ে আগরতলায় বেকারদের বিক্ষোভ
আগরতলা, ২৭ এপ্রিল (হি. স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর অধীনে ১২০ জনের কথিত অবৈধ নিয়োগকে কেন্দ্র করে সোমবার রাজধানী আগরতলায় বেকার যুবক-যুবতীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে স্বামী বিবেকানন্দ ময়দান চত্বর। স
বেকারদের বিক্ষোভ প্রদর্শন


আগরতলা, ২৭ এপ্রিল (হি. স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর অধীনে ১২০ জনের কথিত অবৈধ নিয়োগকে কেন্দ্র করে সোমবার রাজধানী আগরতলায় বেকার যুবক-যুবতীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে স্বামী বিবেকানন্দ ময়দান চত্বর। সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে এদিন বিক্ষোভকারীরা স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান।

বিক্ষোভকারীদের অভিযোগ, সম্প্রতি টিটিএএডিসি নির্বাচনের প্রাক্কালে প্রশাসন কোনওরকম স্বচ্ছতা বা নির্ধারিত নিয়মনীতি অনুসরণ না করেই তড়িঘড়ি করে ১২০ জনকে গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’ পদে নিয়োগ করে। এই নিয়োগ প্রক্রিয়ায় সাধারণ চাকরি প্রার্থীদের জন্য কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি বলে দাবি তাঁদের। ফলে বহু যোগ্য প্রার্থী আবেদন করার সুযোগই পাননি।

এদিনের বিক্ষোভে অংশগ্রহণকারী একাধিক বেকার যুবক-যুবতী জানান, যদি পত্রপত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করা হত, তাহলে তাঁরাও আবেদন করতে পারতেন এবং পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেতেন। তাঁদের অভিযোগ, সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে এবং স্বজনপোষণের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, যা গণতান্ত্রিক নীতির পরিপন্থী।

বিক্ষোভকারীরা অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি জানান। পাশাপাশি তাঁরা নতুন করে স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া চালুর দাবি তোলেন, যাতে যথাযথ নিয়ম মেনে পত্রপত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে এবং বিষয়টি আইনি ও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, পুরো বিষয়টির নিরপেক্ষ তদন্ত প্রয়োজন, যাতে প্রকৃত সত্য সামনে আসে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যায়।

এদিকে, বিক্ষোভ চলাকালীন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande