উদয়পুরে সিএনজি সংকটে পথ অবরোধ, যানজটে নাকাল জনজীবন
উদয়পুর (ত্রিপুরা), ২৭ এপ্রিল (হি.স.) : খিলপাড়া সিএনজি স্টেশনকে ঘিরে জ্বালানি সরবরাহে অনিয়ম ও ঘাটতির অভিযোগে সোমবার বিকেলে উত্তাল হয়ে ওঠে গোমতী জেলার উদয়পুরের খিলপাড়া এলাকা। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও সিএনজি না পেয়ে ক্ষুব্ধ স্থানীয় গাড়িচালকরা বিকেল ত
সিএনজি ফিলিং স্টেশন


উদয়পুর (ত্রিপুরা), ২৭ এপ্রিল (হি.স.) : খিলপাড়া সিএনজি স্টেশনকে ঘিরে জ্বালানি সরবরাহে অনিয়ম ও ঘাটতির অভিযোগে সোমবার বিকেলে উত্তাল হয়ে ওঠে গোমতী জেলার উদয়পুরের খিলপাড়া এলাকা। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও সিএনজি না পেয়ে ক্ষুব্ধ স্থানীয় গাড়িচালকরা বিকেল তিনটা নাগাদ আকস্মিক সড়ক অবরোধে শামিল হন।

হঠাৎ এই অবরোধের জেরে মুহূর্তের মধ্যেই স্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকার যান চলাচল। সড়কের দু’পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ফলে অফিসগামী মানুষ, স্কুল-কলেজের পড়ুয়া এবং জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন।

বিক্ষোভকারী গাড়িচালকদের অভিযোগ, গত বেশ কিছুদিন ধরেই খিলপাড়া সিএনজি স্টেশনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা হচ্ছে না। ভোর থেকে লাইনে দাঁড়িয়েও অনেক সময় সিএনজি ছাড়াই ফিরতে হচ্ছে তাঁদের। এতে একদিকে যেমন যাত্রী পরিবহন পরিষেবা ব্যাহত হচ্ছে, অন্যদিকে চালকদের দৈনন্দিন আয় মারাত্মকভাবে কমে গিয়ে জীবিকা সংকটে পড়ছে।

চালকদের আরও দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও স্থায়ী সমাধান করা হয়নি। বরং দিনদিন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বাধ্য হয়েই তাঁরা এদিন পথ অবরোধের মতো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন বলে জানান বিক্ষোভকারীরা।

প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই অবরোধ ঘিরে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ সময় পরেও কোনও উচ্চপদস্থ আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত হননি, যা ক্ষোভ আরও বাড়িয়ে তোলে।

এদিকে, এই পরিস্থিতিতে জরুরি পরিষেবাও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত সিএনজি সরবরাহ স্বাভাবিক করা না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চালকরা।

পরিস্থিতি সামাল দিয়ে জনজীবন স্বাভাবিক রাখতে প্রশাসনের অবিলম্বে হস্তক্ষেপ জরুরি বলে মনে করছেন সচেতন মহল। আপাতত পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন, এবং পরবর্তী পদক্ষেপ কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande