ডিসিআরসি ক্যাম্পের পাশে আবর্জনার স্তুপ, দুর্গন্ধে অতিষ্ঠ কোটাসুরের বাসিন্দারা
বীরভূম, ২৮ এপ্রিল (হি. স.):-ভোটের কাজ শেষ হলেও আবর্জনার স্তূপ ঘিরে চরম সমস্যায় পড়েছেন বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার কোটাসুর হটিনগর এলাকার বাসিন্দারা। অভিযোগ, কোটাসুর উচ্চ বিদ্যালয়ে তৈরি হওয়া ডিআরসি ক্যাম্পের পাশেই দিনের পর দিন ফেলে রাখা হয়েছে খাবারে
আবর্জনার দুর্গন্ধ


বীরভূম, ২৮ এপ্রিল (হি. স.):-ভোটের কাজ শেষ হলেও আবর্জনার স্তূপ ঘিরে চরম সমস্যায় পড়েছেন বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার কোটাসুর হটিনগর এলাকার বাসিন্দারা। অভিযোগ, কোটাসুর উচ্চ বিদ্যালয়ে তৈরি হওয়া ডিআরসি ক্যাম্পের পাশেই দিনের পর দিন ফেলে রাখা হয়েছে খাবারের উচ্ছিষ্ট ও বিভিন্ন বর্জ্য পদার্থ। সেই পচা আবর্জনা থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, যার জেরে নাজেহাল স্থানীয় মানুষজন।মঙ্গলবার এলাকাবাসীরা অভিযোগ করেন, ভোটের সময় প্রশাসনের তরফে ক্যাম্পে খাওয়া-দাওয়ার সুব্যবস্থা করা হলেও ব্যবহৃত প্লাস্টিকের থালা, গ্লাস ও খাবারের বর্জ্য পরিষ্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। কয়েকদিন ধরে পড়ে থাকা আবর্জনা পচে গিয়ে গোটা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করেছে।স্থানীয়দের আশঙ্কা, এই নোংরা পরিবেশ থেকে সংক্রমণ ছড়াতে পারে। বিশেষ করে গরমের মধ্যে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। দুর্গন্ধের কারণে রাস্তা দিয়ে চলাচল করতেও সমস্যার মুখে পড়ছেন সাধারণ মানুষ।এলাকাবাসীর দাবি, দ্রুত আবর্জনা সরিয়ে এলাকা পরিষ্কার করতে হবে। তাঁদের প্রশ্ন, ভোট পরিচালনার জন্য এত বড় ব্যবস্থা নেওয়া হলেও পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব কেন উপেক্ষিত রইল।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande