
ফলতা, ২৮ এপ্রিল (হি. স.):-ভোটের একদিন আগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে উত্তেজনা ছড়াল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চকে ঘিরে। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মঙ্গলবার এলাকায় রুট মার্চ করেন পুলিশ অবজারভার অজয় পাল শর্মা ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেই সময় তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বিক্ষোভ দেখান বলে অভিযোগ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রুট মার্চ চলাকালীন বিক্ষোভকারীরা কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরির অভিযোগ তোলেন। তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান দাবি করেন, নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে এলাকায় অযথা চাপ সৃষ্টি করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, পুলিশ অবজারভার বিজেপির প্রভাবে কাজ করছেন। যদিও তাঁর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে প্রশাসন।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং নিয়ম মেনেই রুট মার্চ করা হচ্ছে। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে।ঘটনার জেরে ফলতা জুড়ে চাপা উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। ভোটের আগের দিন এমন পরিস্থিতিতে উদ্বেগে সাধারণ মানুষও। শান্তিপূর্ণ ভোট করানোই এখন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়