
কলকাতা, ২৮ এপ্রিল (হি. স.):-দ্বিতীয় দফার বিধানসভা ভোটকে সামনে রেখে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি থেকে ভোট সামগ্রী ও ইভিএম মেশিন বিতরণ শুরু হল মঙ্গলবার। দক্ষিণ কলকাতার বাবা সাহেব আম্বেদকার এডুকেশন ইউনিভার্সিটিতে তৈরি করা হয়েছে এই ডিসিআরসি কেন্দ্র। সকাল থেকেই সেখানে ভোটকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মোট ২৪টি কাউন্টার থেকে ভোটকর্মীদের হাতে তুলে দেওয়া হচ্ছে ইভিএম, ভিভিপ্যাট ও অন্যান্য প্রয়োজনীয় ভোট সামগ্রী। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের মোট ২৯১টি বুথের জন্য এই সামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রতিটি কাউন্টারে নির্দিষ্ট নিয়ম মেনে ধাপে ধাপে ভোটকর্মীদের কাছে সরঞ্জাম তুলে দেওয়া হচ্ছে।ডিসিআরসি চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে গোটা প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। ভোটকর্মীদের সুবিধার জন্য পানীয় জল, বিশ্রাম ও সহায়ক ডেস্কের ব্যবস্থাও রাখা হয়েছে প্রশাসনের তরফে।নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। ভোটকর্মীরাও নির্ধারিত সময়ের মধ্যেই বুথে পৌঁছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়