
হাফলং (অসম), ২৮ এপ্রিল (হি.স.) : অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ ঘোষিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ডিমা হাসাও জেলার ছাত্রছাত্রীরা আশানুরূপ ফলাফল করেছে। ডিমা হাসাও জেলায় উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান শাখায় পাশের হার ৮০.৯৪ শতাংশ, কলা শাখায় ৮৮.২২ শতাংশ এবং বাণিজ্য শাখায় ৮২.২৯ শতাংশ পাশের হার নিয়ে পাহাড়ি জেলার ছাত্রছাত্রীরা ভালো ফলাফল প্রদর্শন করেছে।
ডিমা হাসাও জেলায় কলা শাখায় মোট ২০৪৫ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১৮০৪ জন ছাত্রছাত্রী। কলা শাখায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন ৪৬৪ জন, দ্বিতীয় বিভাগে ৮৭৫ জন এবং তৃতীয় বিভাগে ৪৬৫ জন। এদিকে বাণিজ্য শাখায় ডিমা হাসাও মোট ৯৬ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল। উত্তীর্ণ হয়েছে ৭৬ জন। কলা শাখায় প্রথম বিভাগে ১৬ জন, দ্বিতীয় বিভাগে ৩৯ জন উত্তীর্ণ হওয়ার পাশাপাশি তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে ২১ জন ছাত্রছাত্রী। বিজ্ঞান শাখায় মোট ৩২০ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল। তার মধ্যে ২৫৯ জন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে প্রথম বিভাগে ৭৫ জন, দ্বিতীয় বিভাগে ১৬৫ জন ও তৃতীয় বিভাগে ১৯ জন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে।
উচ্চ মাধ্যমিকে কলা, বাণিজ্য এবং বিজ্ঞান শাখায় ডিমা হাসাও জেলার ছাত্রছাত্রীরা যে ধরনের সাফল্য অর্জন করেছে এ নিয়ে সন্তোষ ব্যক্ত করেছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা। উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন দেবলাল।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব