
শিমলা, ২৮ এপ্রিল (হি.স.): হিমাচল প্রদেশের রোহরু এলাকায় ধর্মীয় অনুষ্ঠানে গুলিবর্ষণে এক মহিলার মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিল জেলা প্রশাসন। মঙ্গলবার জেলা শাসক অনুপম কাশ্যপ জানিয়েছেন, ঘটনার বিস্তারিত তদন্ত করে সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে।
এদিন প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অনুযায়ী এই তদন্ত চলছে। অতিরিক্ত জেলা দণ্ডাধিকারী (আইন-শৃঙ্খলা) পঙ্কজ শর্মাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকে নিরপেক্ষ ও সময়সীমার মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে পুরো ঘটনার ক্রম, মৃত্যুর সঠিক কারণ, অভিযুক্তদের নির্ধারণ, আয়োজকদের ভূমিকা, গাফিলতি এবং অস্ত্র আইন লঙ্ঘনের বিষয় খতিয়ে দেখা হবে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশও করতে বলা হয়েছে।
উল্লেখ্য, রবিবার গভীর রাতে চিড়গাঁওয়ের কুলগাঁও গ্রামে ধর্মীয় অনুষ্ঠানে আনন্দের মাঝে গুলিবর্ষণের ঘটনা ঘটে। সেই গুলিতে ২৬ বছর বয়সী রিতিকা গুরুতর আহত হন এবং পরে রোহরু সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার পর পুলিশ রজত সোহতা (২৮) ও অমিত ওরফে রোহিত ভাপতা (৩২)-কে গ্রেফতার করেছে। তাঁদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনার পর ধর্মীয় অনুষ্ঠানে অস্ত্র ব্যবহারে কড়াকড়ি বাড়িয়েছে প্রশাসন। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন