পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মার বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপ করল না হাই কোর্ট
কলকাতা, ২৮ এপ্রিল (হি.স.): বঙ্গভোটের দায়িত্ব নিয়ে ভোটের মাঝে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ‘দাবাং’ মেজাজে হুমকি দিয়েছিলেন কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা, যিনি যোগীরাজ্যের ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ বলে পরিচিত। ফলতার তৃণমূল প্রার্
পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মার বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপ করল না হাই কোর্ট


কলকাতা, ২৮ এপ্রিল (হি.স.): বঙ্গভোটের দায়িত্ব নিয়ে ভোটের মাঝে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ‘দাবাং’ মেজাজে হুমকি দিয়েছিলেন কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা, যিনি যোগীরাজ্যের ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ বলে পরিচিত। ফলতার তৃণমূল প্রার্থীর পরিবারকে হুঁশিয়ারির সেই ভিডিও ভাইরাল হয় (যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করা যায়নি)। তিনি অযথা ভোটার ও প্রার্থীকে হুমকি দিচ্ছেন, এই অভিযোগ তুলে অজয়পাল শর্মার বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। কিন্তু সেই মামলা মঙ্গলবার খারিজ করে দিল আদালত। জানিয়ে দেওয়া হল, ভোটের দায়িত্ব পাওয়া পুলিশ অফিসারদের নিয়ে মামলায় ২৯ তারিখ পর্যন্ত কোনও হস্তক্ষেপ করা হবে না।

সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনায় নির্বাচন কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক অজয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে মঙ্গলবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। তাঁর অভিযোগ, পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব পেয়ে এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন অজয়। তিনিই সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন। আইনজীবীর বক্তব্য, তাঁর বিরুদ্ধে উত্তর প্রদেশেও একাধিক মামলা রয়েছে। আদালতের কাছে আইনজীবীর আবেদন, ওই আইপিএস অফিসারকে নিয়ম মেনে কাজ করার নির্দেশ দেওয়া হোক। কিন্তু মামলা দায়েরের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় শুনানি হয়নি। বিচারপতি জানিয়েছেন, ২৯ এপ্রিল পর্যন্ত আদালত এ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। যাঁরা নির্বাচনের দায়িত্বে আছেন, তাঁদের কারও কাজে হস্তক্ষেপ করা হবে না। প্রয়োজনে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হোক।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande