
ঝাড়্গ্রাম, ২৮ এপ্রিল (হি.স.): ঝাড়গ্রামের রানী ইন্দিরা দেবী মহাবিদ্যালয়ের স্ট্রং রুমের একাধিক নিয়ম হঠাৎ পরিবর্তন ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। নির্দিষ্ট কোনও লিখিত নির্দেশ বা নোটিফিকেশন ছাড়াই নিয়ম বদলের অভিযোগ তুলে মঙ্গলবার স্ট্রং রুমের সামনে সাংবাদিক বৈঠক করেন বিনপুর বিধানসভার বিজেপি প্রার্থী চিকিৎসক প্রণত টুডু। উপস্থিত ছিলেন নয়াগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী অমিয় কিস্কু-সহ দলের একাধিক নেতা-কর্মী।
অভিযোগ, মঙ্গলবার দুপুর ২টো থেকে জানানো হয় স্ট্রং রুমের সিসিটিভি মনিটরিং রুমে একবারে মাত্র একজন প্রবেশ করতে পারবেন, যেখানে আগে তিনজনের অনুমতি ছিল। পাশাপাশি মোবাইল ফোন নিয়েও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে অভিযোগ। কেন এই নিয়ম পরিবর্তন করা হল, তার কোনও স্পষ্ট কারণ জানানো হয়নি বলে দাবি বিজেপি প্রার্থীর। প্রশাসনের কাছে এই বিষয়ে লিখিত ব্যাখ্যা দাবি করা হয়েছে।
এছাড়া গত রবিবার রাত ১১টা ৫৫ মিনিট থেকে সিসি ক্যামেরা বন্ধ থাকার কারণ নিয়েও প্রশ্ন তোলেন প্রণত টুডু। স্ট্রং রুমের নিরাপত্তা জোরদার করতে সিআরপিএফ জওয়ানের সংখ্যা বাড়ানোর দাবিও জানান তিনি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সঠিক কারণ না জানালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিজেপি প্রার্থী।
অন্যদিকে, একই ইস্যুতে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল কংগ্রেস কর্মীরাও ডিসিআরসি কেন্দ্রের ভিতরে বসে প্রতিবাদ জানান।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো