
কলকাতা, ২৮ এপ্রিল (হি. স.) : বুধবার দ্বিতীয় দফার বিধানসভা ভোটকে ঘিরে বিশেষ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এবার একাধিক কেন্দ্রে তৈরি করা হয়েছে ‘শুধুই মহিলাদের বুথ’ বা পিংক বুথ, যেখানে ভোট পরিচালনার সমস্ত দায়িত্ব সামলাচ্ছেন মহিলারাই। প্রিসাইডিং অফিসার থেকে পোলিং কর্মী, এমনকি অনেক ক্ষেত্রে নিরাপত্তার দায়িত্বেও রয়েছেন মহিলা কর্মীরা। এই উদ্যোগ ইতিমধ্যেই ভোটারদের নজর কাড়তে শুরু করেছে।দক্ষিণ কলকাতার ১৬০ রাসবিহারী বিধানসভা কেন্দ্রের সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে তৈরি করা হয়েছে এমনই একটি মডেল বুথ। বুথটিকে বিশেষভাবে সাজানো হয়েছে ভোটার-বান্ধব পরিবেশে। পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি শান্তিপূর্ণ ভোটের বার্তাও তুলে ধরা হচ্ছে এই বুথের মাধ্যমে।নির্বাচন কমিশনের মতে, এই উদ্যোগ শুধুমাত্র প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং নারী ক্ষমতায়নের এক গুরুত্বপূর্ণ প্রতীক। গণতান্ত্রিক প্রক্রিয়ায় মহিলাদের সক্রিয় ও নেতৃত্বমূলক ভূমিকাকে সামনে আনতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।ভোটারদের একাংশের মতে, এই ধরনের বুথ মহিলাদের মধ্যে আরও আত্মবিশ্বাস তৈরি করবে এবং ভোটদানে অংশগ্রহণও বাড়াবে। দ্বিতীয় দফার ভোটে এই পিংক বুথ এখন বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়