দ্বিতীয় দফার ভোটের আগে পুলিশে রদবদল, নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ
কলকাতা, ২৮ এপ্রিল (হি. স.) : রাজ্যে দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে পুলিশ প্রশাসনে আবারও বড়সড় রদবদল করা হলো। দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হিংসা ও অশান্তির ঘটনার পরিপ্রেক্ষিতে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন
দ্বিতীয় দফার ভোটের আগে পুলিশে রদবদল, নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ


কলকাতা, ২৮ এপ্রিল (হি. স.) : রাজ্যে দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে পুলিশ প্রশাসনে আবারও বড়সড় রদবদল করা হলো। দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হিংসা ও অশান্তির ঘটনার পরিপ্রেক্ষিতে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন এই কড়া পদক্ষেপ নিয়েছে।

অতিরিক্ত ডিজি (আইন-শৃঙ্খলা)-র পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম দফার ভোটে মোতায়েন থাকা ২৬ জন পুলিশ আধিকারিককে দ্বিতীয় দফাতেও দায়িত্ব দেওয়া হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, মুর্শিদাবাদের লালবাগের অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দোরজি, ডালখোলার এসডিপিও রবিরাজ অবস্থি, ঘাটালের এসডিপিও গায়কোয়াড় নীলেশ শ্রীকান্ত এবং নকশালবাড়ির এসডিপিও সৌম্যজিৎ রায়কে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে বদলি করা হয়েছে।

পাশাপাশি, নির্বাচন কমিশনের নির্দেশে হাওড়া পুলিশ কমিশনারেট এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে এসএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট প্রবীণ প্রকাশকে। চন্দননগর পুলিশ কমিশনারেটে মোতায়েন করা হয়েছে এমজে মার্সি এবং খান্ডেবাহালে উমেশ গণপতকে।

বারাসাত পুলিশ জেলার দায়িত্ব পেয়েছেন অনিমেষ রায় এবং ধীরাজ ঠাকুর। বসিরহাট পুলিশ জেলার কমান্ড তুলে দেওয়া হয়েছে অতীশ বিশ্বাসের হাতে। এছাড়া রায়গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ, পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জর্জ অ্যালেন জন এবং রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্সের অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার আকাশদীপ গেহলটকে ডায়মন্ড হারবার পুলিশ জেলায় মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই পুলিশ আধিকারিক ও আইপিএস অফিসারদের লাগাতার বদলি করা হচ্ছে। অন্যান্য রাজ্য থেকেও পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। বিহার, তেলেঙ্গানা, দিল্লি, পাঞ্জাব ও গুজরাট থেকে আসা এই পর্যবেক্ষকদের জেলা স্তরে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গগত, নির্বাচন কমিশন এর আগেই রাজ্যের ডিজিপি এবং কলকাতা পুলিশ কমিশনার পদে রদবদল করেছে। পীযূষ পাণ্ডের জায়গায় সিদ্ধিনাথ গুপ্তাকে নতুন ডিজিপি এবং সুপ্রতিম সরকারের স্থানে অজয় নন্দকে কলকাতা পুলিশের নতুন কমিশনার নিয়োগ করা হয়েছিল।

এছাড়াও কলকাতার ডিসি (সেন্ট্রাল) পদ থেকে ইন্দিরা মুখোপাধ্যায়কেও সরানো হয়েছে। কমিশন ইতিপূর্বে রাজ্যের ১২টি জায়গায় পুলিশ সুপারদের বদলি করেছে। বীরভূম, ডায়মন্ড হারবার, পূর্ব মেদিনীপুর, কোচবিহার ও মালদা সহ একাধিক জেলার পুলিশ সুপারদের পরিবর্তন করা হয়েছে। একইসাথে রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, জলপাইগুড়ি ও প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি স্তরেও রদবদল হয়েছে। বিধাননগর ও শিলিগুড়ির পুলিশ কমিশনারদেরও আগেই সরানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande