
মালদা, ২৮ এপ্রিল (হি. স.): মাটি বোঝাই ট্রাক্টরের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক টোটোচালকের। মঙ্গলবার সকালে মালদার রতুয়া থানার বাহাড়াল শিবরামপুর এলাকায় ১৩১ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃত টোটোচালকের নাম মিনু মিঞা (৪৮)। তাঁর বাড়ি বাহাড়ালের বৈকুণ্ঠপুর এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মিনু মিঞা চারজন যাত্রীকে নিয়ে বাহাড়াল থেকে অচিনতলা হাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময় শিবপুর এলাকায় একটি মাটি বোঝাই ট্রাক্টর বেপরোয়া গতিতে এসে টোটোকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে টোটো ও ট্রাক্টর দু’টিই রাস্তার পাশে উল্টে যায়।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। আহতদের উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা মিনু মিঞাকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত এক যাত্রীকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।ঘটনার পর স্থানীয়রা কালিন্দ্রী নদী থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে রতুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়