
লখিমপুর খেরি, ২৮ এপ্রিল ( হি. স.): উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে ঘটলো পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি সোমবার গভীর রাতের, লখিমপুর খেরির ফারধান থানার অন্তর্গত বেহজাম রোডে। একটি বেপরোয়া গতির গাড়ি সজোরে দুটি বাইকে ধাক্কা মারে । দুর্ঘটনায় প্রাণ হারায় চার বাইক আরোহী। গুরুতর আহত আরও দুজন।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে প্রথমজন নিমগাঁও থানার অন্তর্গত এলাকার বাসিন্দা হিতেশ শুক্লা (৪২), দ্বিতীয়জন সোনৌরা গ্রামের বাসিন্দা হরি কিষাণ (৪০), এবং বাকি দুজন বাসারা গ্রামের বাসিন্দা অনুজ কুমার (৩৫) ও আদর্শ। আহত হয়েছে আরও দুজন। দুর্ঘটনার পর থেকে পলাতক গাড়ির চালক।
জানা গেছে, সোমবার রাতে ছয়জন দুটি বাইকে করে অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন । ফেরার পথে বেহজাম রোডের লখনপুর কালভার্টের কাছে ঘটে দুর্ঘটনাটি। একটি গাড়ি বেপরোয়া গতিতে ধেয়ে আসে এবং সজোরে ধাক্কা মারে দুটি বাইকে। দুর্ঘটনার পর গাড়িটি রাস্তার ধারে খাদে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যায়। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক