
হুগলি, ২৮ এপ্রিল (হি.স.): হুগলির গোঘাটের বড়মা এলাকায় বিজেপির মিছিলে হামলার ঘটনায় গ্রেফতার ১৭ জনকে মঙ্গলবার আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিজেপির নির্বাচনী প্রচার চলাকালীন আচমকাই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, প্রচার কর্মসূচিকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয় এবং হামলা চালানো হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়।
এরপরই তদন্তে নেমে রাতভর অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে এক মহিলাসহ মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও অশান্তি ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হলে পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানায়। আদালত সূত্রে খবর, ঘটনার বিস্তারিত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, তাদের কর্মসূচি ভণ্ডুল করতেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। যদিও বিরোধী পক্ষ সেই অভিযোগ অস্বীকার করেছে।
বর্তমানে এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি, যাতে নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA