
হুগলি , ২৮ এপ্রিল (হি.স.): রাত পোহালেই বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার আগে যুদ্ধকালীন তৎপরতায় সরগরম আরামবাগ মহকুমার ডিসিআরসি কেন্দ্রগুলি। ভোটের আগের এই গুরুত্বপূর্ণ সময়ে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় চত্বর কার্যত পরিণত হয়েছে প্রশাসনিক ‘কমান্ড সেন্টার’-এ।
আরামবাগ ও গোঘাট বিধানসভার জন্য তৈরি এই ডিসিআরসি সেন্টারে সকাল থেকেই দলে দলে ভোটকর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের আনাগোনায় ব্যস্ততা চোখে পড়ে। নির্দিষ্ট কাউন্টার থেকে চলছে ইভিএম ও ভিভিপ্যাট বণ্টনের কাজ। প্রতিটি মেশিন খুঁটিয়ে পরীক্ষা করে, প্রয়োজনীয় কাগজপত্র মিলিয়ে তবেই তা তুলে দেওয়া হচ্ছে ভোটকর্মীদের হাতে। কোথাও যাতে সামান্যতম গাফিলতি না হয়, সেদিকে কড়া নজর রাখছে প্রশাসন।
নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। ডিসিআরসি কেন্দ্রজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি প্রবেশ ও প্রস্থান পথেই বসানো হয়েছে কড়া নজরদারি। সন্দেহজনক কিছু চোখে পড়লেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে নিরাপত্তা বাহিনী।
ভোটকর্মীদের উপস্থিতি, নিরাপত্তা বলয়ের কড়াকড়ি এবং প্রশাসনের নিরলস তৎপরতায় শেষ মুহূর্তের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। কার্যত ‘অল আউট’ মোডে কাজ করছে প্রশাসন, যাতে ভোটগ্রহণের দিনে কোনওভাবেই ব্যাহত না হয় গণতান্ত্রিক প্রক্রিয়া।
এখন সমস্ত প্রস্তুতি শেষ করে নজর আগামীকালের ভোটগ্রহণে। শান্তিপূর্ণ ও নির্ভুল ভোট করানোই প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA