
হুগলি , ২৮ এপ্রিল (হি.স.): দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করল প্রশাসন। শান্তিপূর্ণ ও অবাধ ভোট নিশ্চিত করার বার্তা দিতে মঙ্গলবার আরামবাগ শহরে নজিরবিহীন ফ্ল্যাগ মার্চ করল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
ভোটের আগের দিন সন্ধ্যার আগেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় টহল দেয় বাহিনী। বিশেষ আকর্ষণ ছিল সেনাবাহিনীর সাঁজোয়া গাড়ি, যা শহর জুড়ে ঘুরে বেড়াতে দেখা যায়। শক্তি প্রদর্শনের মাধ্যমে ভোটারদের নিরাপত্তা সম্পর্কে আশ্বস্ত করার চেষ্টা করা হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোটের দিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। সংবেদনশীল এলাকাগুলিতে বাড়ানো হয়েছে নজরদারি, বসানো হয়েছে অতিরিক্ত পুলিশ পিকেট। পাশাপাশি, কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের মাধ্যমে এলাকাবাসীর মধ্যে আস্থা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
পুলিশের দাবি, ভোটাররা যাতে নির্ভয়ে ও স্বাধীনভাবে ভোট দিতে পারেন, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা। অন্যদিকে, স্থানীয়দের একাংশ জানিয়েছেন, এই ফ্ল্যাগ মার্চে তাঁদের নিরাপত্তা নিয়ে আস্থা অনেকটাই বেড়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA