ঝড়ে ভেঙে পড়ল শালগাছ, ঘরের নিচে চাপা পড়ে গুরুতর আহত মা-ছেলে
আগরতলা, ২৮ এপ্রিল (হি.স.) : ঝড়ের তাণ্ডবে উদয়পুর মহকুমায় দুর্ঘটনায় গুরুতর আহত হলেন মা ও ছেলে। মঙ্গলবার সকালে গোমতী জেলার জামজুড়ির মুড়াপাড়া এলাকায় ঝড়-বৃষ্টির মধ্যে একটি বড় শালগাছ ভেঙে সরাসরি বসতঘরের উপর পড়ে যায়। এতে ঘরের ভিতরে থাকা মা মনি
আহত মা ও ছেলে


আগরতলা, ২৮ এপ্রিল (হি.স.) : ঝড়ের তাণ্ডবে উদয়পুর মহকুমায় দুর্ঘটনায় গুরুতর আহত হলেন মা ও ছেলে। মঙ্গলবার সকালে গোমতী জেলার জামজুড়ির মুড়াপাড়া এলাকায় ঝড়-বৃষ্টির মধ্যে একটি বড় শালগাছ ভেঙে সরাসরি বসতঘরের উপর পড়ে যায়। এতে ঘরের ভিতরে থাকা মা মনিমালা শুক্লদাস ও ছেলে রবি শুক্লদাস গাছের নিচে চাপা পড়ে গুরুতর জখম হন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকেই আগরতলা সহ বিশালগড়, বিশ্রামগঞ্জ এবং উদয়পুর মহকুমার বিভিন্ন এলাকায় প্রবল ঝড় আছড়ে পড়ে। ঝড়ের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হয় জামজুড়ি, শালগড়া, কাকড়াবন সহ আশপাশের এলাকায়। সেই সময় হঠাৎই একটি বড় শালগাছ ভেঙে মুড়াপাড়া এলাকার একটি বাড়ির উপর পড়ে।

ঘটনাস্থলে থাকা পরিবারের সদস্যদের বর্ণনায় জানা যায়, বিকট শব্দ শুনে পাশের ঘরে থাকা বড় ছেলে ছুটে এসে দেখেন ঘরের উপর বিশাল গাছটি ভেঙে পড়েছে। ভিতর থেকে মা ও ভাইয়ের আর্তচিৎকার শোনা যায়। চিৎকার শুনে আশেপাশের প্রতিবেশীরাও দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় ভাঙা ঘর সরিয়ে কোনওক্রমে মা ও ছেলেকে উদ্ধার করা হয়।

প্রথমে তাঁদের দ্রুত গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় দু'জনকেই আগরতলায় জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত দুজনের শরীরেই গুরুতর আঘাত রয়েছে। রবি শুক্লদাসের একটি পা ভেঙে গেছে এবং মাথায় গুরুতর চোট লেগেছে। মা মনিমালা শুক্লদাসও গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত। বর্তমানে দু'জনেই জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande