বাঁকুড়ায় ছ’টি আসনেই জয়ের আশায় তৃণমূল, পাল্টা আত্মবিশ্বাস বিজেপিরও
বাঁকুড়া, ২৯ এপ্রিল (হি.স.) : বাঁকুড়া সাংগঠনিক জেলার ছ’টি বিধানসভা আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল কংগ্রেস। দলীয় স্তরে ভোট-পরবর্তী পর্যালোচনায় উঠে এসেছে এমনই ইঙ্গিত। বুথভিত্তিক রিপোর্ট বিশ্লেষণ করে ঘাসফুল শিবিরের দাবি, এ বার ভোটের অঙ্কে তাদের অবস
বাঁকুড়ায় ছ’টি আসনেই জয়ের আশায় তৃণমূল, পাল্টা আত্মবিশ্বাস বিজেপিরও


বাঁকুড়া, ২৯ এপ্রিল (হি.স.) : বাঁকুড়া সাংগঠনিক জেলার ছ’টি বিধানসভা আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল কংগ্রেস। দলীয় স্তরে ভোট-পরবর্তী পর্যালোচনায় উঠে এসেছে এমনই ইঙ্গিত। বুথভিত্তিক রিপোর্ট বিশ্লেষণ করে ঘাসফুল শিবিরের দাবি, এ বার ভোটের অঙ্কে তাদের অবস্থান আগের তুলনায় আরও মজবুত হয়েছে।

বাঁকুড়া জেলা তৃণমূল ভবনে আয়োজিত বৈঠকে ব্লক ও অঞ্চল নেতৃত্বের কাছ থেকে বিস্তারিত বুথওয়ারি রিপোর্ট সংগ্রহ করা হয়। সেই রিপোর্ট খতিয়ে দেখে তৃণমূল নেতৃত্বের ধারণা, বামপন্থী ভোটের একটি অংশ বিজেপি থেকে সরে এসে আবার বামেদের দিকে ফিরেছে। শাসক শিবিরের মতে, এর ফলে বিজেপির ক্ষতি হওয়ায় তাদের ফল আরও অনুকূল হতে পারে।বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত নেতারা জানান, সংখ্যালঘু ভোটও এ বার বড় অংশে তাদের পক্ষেই রয়েছে। আইএসএফ প্রার্থী থাকলেও তারা উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেনি বলেই দাবি শাসক দলের। সব মিলিয়ে জেলার ছ’টি আসনেই জয় আসবে বলে অভ্যন্তরীণ রিপোর্টে ইঙ্গিত মিলেছে।তৃণমূলের দাবি, জেলার অধিকাংশ বুথেই মূল লড়াই হয়েছে বিজেপির সঙ্গে। উল্লেখযোগ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই ছ’টি আসনের মধ্যে তিনটি করে আসন পায় তৃণমূল ও বিজেপি। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে ছ’টির মধ্যে পাঁচটিতেই তৃণমূল এগিয়ে ছিল।অন্যদিকে, তৃণমূলের এই দাবি পুরোপুরি খারিজ করেছে বিজেপি। দলের প্রার্থী নিলাদ্রি শেখর দানা, শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি এবং জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, জেলার মানুষ এ বার তৃণমূলকে প্রত্যাখ্যান করেছেন। তাঁদের কথায়, “রামের ভোট বামে ফেরেনি, ভবিষ্যতেও ফিরবে না। তৃণমূল সব আসনেই ভরাডুবির মুখে পড়বে।” তাঁদের দাবি, জেলার সবক’টি আসনেই বিজেপির জয় এখন শুধু সময়ের অপেক্ষা।অন্যদিকে বাম শিবিরও আত্মবিশ্বাসী। সিপিএম প্রার্থী অভয় মুখোপাধ্যায় জানিয়েছেন, হারানো জমি ফিরে পেতে এ বার জোর লড়াই হয়েছে। তাঁর কথায়, “তৃণমূল ও বিজেপি—দুই পক্ষকেই মানুষ জবাব দিয়েছে। ফল প্রকাশের পরই তা স্পষ্ট হবে।”রাজনৈতিক মহলের মতে, বাঁকুড়ায় ত্রিমুখী লড়াইয়ের ইঙ্গিত স্পষ্ট। তৃণমূল যেখানে নিজেদের পক্ষে ভোটের সমীকরণ দেখছে, সেখানে বিজেপি ও বাম শিবিরও সমান আত্মবিশ্বাসী—ফলে চূড়ান্ত ফলাফল নিয়েই এখন সব পক্ষের নজর।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande