
ধর্মশালা, ২৯ এপ্রিল (হি.স.): হিমাচল প্রদেশের কাংড়ায় পুলিশের তৎপরতায় দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার কাংড়ার পঞ্চরুখি থানার অন্তর্গত ধর্ম্মন এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে রয়েছে কমলজিৎ সিং ওরফে কাকু (৩৯), কাংড়ার পালমপুরের বাসিন্দা, এবং সঙ্গম শর্মা ওরফে গোলু (২৬), পালমপুর তহশিলের সিম্বল খোলা গ্রামের বাসিন্দা। তল্লাশিতে তাদের কাছ থেকে ৪ কেজি ৪০০ গ্রাম মাদক (গাঁজা) উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, মঙ্গলবার রাতে টহল চলাকালীন একটি গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামানো হয়। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে মাদক উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, এই চক্রে আরও দুইজন জড়িত রয়েছে।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আগেই কুল্লুর আনি তহশিলের খুন গ্রামের গোপাল (২৪) এবং জৌ এলাকার সুরেন্দ্র কুমার (৩৭)-কে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে তদন্তে মূল দুই অভিযুক্ত কমলজিৎ সিং ও সঙ্গম শর্মা-র নাম উঠে আসায় বুধবার তাদেরও গ্রেফতার করে পুলিশ।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক