
কলকাতা, ২৯ এপ্রিল (হি. স.) : এ রাজ্যে দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচন-২০২৬ নির্বিঘ্নেই শেষ হয়েছে। সর্বশেষ হিসেব অনুযায়ী, গড়ে ৯১.৩১ শতাংশ ভোট পড়েছে। ১৪২টি আসনে ভোট শেষ হতেই প্রতিটি বুথ তথা ভোটকেন্দ্র থেকে ভোটকর্মীরা ইভিএম নিয়ে দল বেঁধে জেলাস্তরের নির্দিষ্ট কেন্দ্রের উদ্দেশে রওনা দিয়েছেন। উত্তর থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে ভোটকর্মীদের ফেরার ব্যস্ততা লক্ষ্য করা গেছে। এর মধ্যে ১২৪-বসিরহাট (দক্ষিণ) কেন্দ্রটি মূলত মহিলা পরিচালিত; সেখানকার ভারপ্রাপ্ত অফিসাররা দায়িত্ব সামলেছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ১১৯-বারাসত কেন্দ্রের পোলিং পার্সোনেলরা নিরাপদেই আঞ্চলিক কেন্দ্রগুলিতে ইভিএম-সহ অন্যান্য সরঞ্জাম ও নির্বাচনী সামগ্রী নিয়ে ফিরেছেন।একইভাবে কলকাতা (দক্ষিণ) জেলার অধীনে থাকা ১৬১-বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মী ও আধিকারিকরা ভোটপর্ব মিটতেই আঞ্চলিক কেন্দ্রে ফিরে যাবতীয় হিসেব বুঝিয়ে দিয়েছেন। ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমগুলোও স্ট্রং রুমে জমা পড়েছে। এরই মাঝে নামে বৃষ্টি। এদিন বৃষ্টিবিঘ্নিত পরিস্থিতির মধ্যে দক্ষিণ কলকাতা কেন্দ্রে দেখা গিয়েছে যে, পোলিং অফিসাররা ইভিএম ও নথিপত্র বৃষ্টির জলের হাত থেকে বাঁচাতে অত্যন্ত সচেষ্ট ছিলেন। মহানগরী সাক্ষী থাকল—এক যত্নশীল মনোযোগের সাথে গণতন্ত্রের সুরক্ষার। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফেও ভোটকর্মীদের এই প্রচেষ্টাকে স্বীকার করে নেওয়া হয়েছে। এদিকে কমিশন সূত্রে খবর, বুধবার সন্ধ্যা পর্যন্ত মোট চার দফায় এ পর্যন্ত ৩,৫৬৬টি অভিযোগ জমা পড়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত