
শিমলা, ২৯ এপ্রিল (হি.স.) : হিমাচল প্রদেশের শিমলায় পুলিশের তৎপরতায় এক মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় থিওগ থানার অন্তর্গত রাহিঘাট বাইপাস সড়কে এই অভিযান চালানো হয়।
বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম প্রীতিশ (২৪)। সে টিক্কার তহসিলের গুজন্দলি গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে তল্লাশি চালিয়ে ৭.২৩ গ্রাম মাদক (হেরোইন) উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকায় নিয়মিত টহল চলাকালীন গোপন সূত্রে মাদক পাচারের খবর মেলে। সেই তথ্যের ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়। টহলের সময় এক যুবকের আচরণে সন্দেহ হওয়ায় তাকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতেই ধরা পড়ে মাদকদ্রব্য।
এরপরই ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে মাদক পাচার চক্রের সঙ্গে তার যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং কোথা থেকে মাদক সরবরাহ হচ্ছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক