
শিমলা, ২৯ এপ্রিল (হি.স.) : হিমাচল প্রদেশের শিমলায় পুলিশ এক অভিযানে তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রোহরু থানার অন্তর্গত জুব্বাল এলাকায় এই অভিযান চালানো হয়।
বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে জুব্বালের বাসিন্দা বিনয় ভার্মা (৪০) ও পঙ্কজ (২৫) এবং কোটখাইয়ের বাসিন্দা পূজা (৩১) রয়েছেন। তল্লাশিতে তাদের কাছ থেকে ২০ গ্রামেরও বেশি মাদক (হেরোইন) উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, টহল চলাকালীন গোপন সূত্রে মাদক পাচারের খবর পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতে জুব্বাল সিজার্স সংলগ্ন একটি বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে উপস্থিত তিন অভিযুক্তকে আটক করে তল্লাশি চালাতেই মাদকদ্রব্য উদ্ধার হয়।
এরপরই তাদের গ্রেফতার করা হয় এবং মামলা দায়ের হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং মাদকের উৎস কোথায়, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক