কুমারঘাটে সড়কের উপর নির্মাণ সামগ্রী ফেলে ড্রেনের কাজ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা
কুমারঘাট (ত্রিপুরা), ২৯ এপ্রিল (হি.স.) : ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার ফটিকরায়ের রাজনগর এলাকায় জাতীয় সড়ক সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কের উপর নির্মাণ সামগ্রী ফেলে রেখে ড্রেন নির্মাণের কাজ চলায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ ও যানবাহন চাল
সড়কের উপর নির্মাণ সামগ্রী


কুমারঘাট (ত্রিপুরা), ২৯ এপ্রিল (হি.স.) : ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার ফটিকরায়ের রাজনগর এলাকায় জাতীয় সড়ক সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কের উপর নির্মাণ সামগ্রী ফেলে রেখে ড্রেন নির্মাণের কাজ চলায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। অভিযোগ, সংশ্লিষ্ট দফতর ও ঠিকাদার সংস্থা দীর্ঘদিন ধরে সড়কের অর্ধেক অংশ দখল করে বালু, পাথরসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী ফেলে রেখে নির্বিঘ্নে কাজ চালিয়ে যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চেবরী চৌমুহনী থেকে শক্তিসংঘ পর্যন্ত এই সড়কটি এলাকার অন্যতম ব্যাস্ত সড়ক। প্রতিদিন অসংখ্য ছোট-বড় যানবাহন এবং পথচারী এই সড়ক ব্যবহার করেন। কিন্তু ড্রেন নির্মাণের নামে সড়কের মাঝখানে বালি-পাথর ফেলে রাখায় সড়কের প্রস্থ অনেকটাই কমে গেছে, ফলে যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

এলাকার টোটো চালক তপন ঘোষ জানান, “সড়কের মাঝখানে পাথর ফেলে রাখার কারণে গাড়ি চালাতে খুবই অসুবিধা হচ্ছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।” একইভাবে এক স্কুটি চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরু হয়ে যাওয়া সড়কে গাড়ি চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পাথরের উপর দিয়ে গাড়ি চালাতে হচ্ছে, যা বড় বিপদের কারণ হতে পারে।”

জানা গেছে, পূর্ত দফতরের ফটিকরায় গঙ্গানগর ডিভিশনের অধীনে এই ড্রেন নির্মাণের কাজ চলছে। তবে অভিযোগ, কাজের সুরক্ষা ব্যবস্থা বা বিকল্প পথের ব্যবস্থা না করেই নির্বিচারে সড়ক দখল করে কাজ চালানো হচ্ছে। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

এদিকে, দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এলাকাবাসীর প্রশ্ন, যদি কোনো বড় দুর্ঘটনা ঘটে, তবে তার দায়ভার কে নেবে?

স্থানীয়দের দাবি, অবিলম্বে সড়ক থেকে নির্মাণ সামগ্রী সরিয়ে নিরাপদে কাজ সম্পন্ন করার ব্যবস্থা করতে হবে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande