
পাটনা, ২৯ এপ্রিল( হি.স.): দিল্লির দ্বারকা এলাকায় গুলিবর্ষণের ঘটনায় বিহারের খাগারিয়ার জেলার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে। মৃতের নাম পাণ্ডব কুমার। বুধবার ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।
মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি প্রশাসনকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে মৃতের পরিবারের জন্য ৮ লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৪ লক্ষ টাকা শ্রম সম্পদ দফতর এবং বাকি ৪ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দ্বারকার জাফরপুর কালান থানা এলাকায় এক পুলিশকর্মীর গুলিতে দুই যুবক আহত হন। তাঁদের মধ্যে পাণ্ডব কুমারের মৃত্যু হয়, অন্যজন এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
এই ঘটনার পর দিল্লি-সহ বিভিন্ন রাজ্যে কর্মরত বিহারের শ্রমিকদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য