
নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স.): রাজধানী দিল্লি ও সংলগ্ন এনসিআর এলাকায় বুধবার সকালে হঠাৎ করেই আবহাওয়ার বদল দেখা গেল। তীব্র বাতাস বইতে শুরু করে, আকাশে বজ্রঝলক দেখা যায়। কিছু সময়ের জন্য বৃষ্টিও হয়। এতে তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি পান সাধারণ মানুষ।
নয়ডা ও গাজিয়াবাদ এলাকাতেও একই ধরনের মনোরম আবহাওয়া লক্ষ্য করা গেছে। এদিন ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) উপগ্রহ চিত্র প্রকাশ করে জানিয়েছেন , এই বদল মূলত স্থানীয় বায়ুমণ্ডলীয় পরিবর্তনের কারণে হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার ও বৃহস্পতিবার দিল্লি-এনসিআর অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রঝড় ও ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে।
আইএমডি জানিয়েছে, রাজধানীতে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
মঙ্গলবার দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চল, মধ্য ভারত এবং দক্ষিণের একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় শিলাবৃষ্টিও হতে পারে। সপ্তাহান্তে আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য