
দুর্গাপুর, ২৯ এপ্রিল (হি.স.) : রাজ্য বিধানসভার দ্বিতীয় দফার ভোটকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের গলসী ও আউশগ্রাম এলাকায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল। তৃণমূলের বিরুদ্ধে মদ, মিষ্টি ও খাবার বিলির অভিযোগ তুলেছে বিজেপি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটের আগের দিন আউশগ্রামের প্রতাপপুর, অমরপুর ও ভাল্কি এলাকায় বাড়ি বাড়ি মিষ্টির প্যাকেট বিলির অভিযোগ ওঠে। একইসঙ্গে মোটরসাইকেলে করে গ্রামাঞ্চলে ঘুরে ভোটারদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগও করা হয়। সন্ধ্যার পর গলসীর ত্রিলোকচন্দ্রপুর, গ্যাড়াদহ, বনকাটির ডাঙাল এবং আউশগ্রামের গেঁড়াই এলাকায় ভোজ ও মদ্যপানের আসরের অভিযোগ ওঠে। খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী কিছু ক্ষেত্রে তা বন্ধ করে দেয়।বুধবার সকালেও বনকাটি ডাঙাল এলাকায় বাড়ি বাড়ি মুড়ি-ঘুগনি বিলির অভিযোগ ওঠে। এরই মধ্যে কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরে একটি মদের আসরে হানা দেন বিজেপি প্রার্থী রাজু পাত্র। তাঁকে দেখে সেখান থেকে অনেকেই পালিয়ে যান বলে অভিযোগ। পরে পুলিশ গিয়ে মদের বোতল ও কিছু সামগ্রী উদ্ধার করে।বিজেপি প্রার্থী রাজু পাত্রের অভিযোগ, “তৃণমূল ভোটারদের প্রভাবিত করতে মদ খাইয়ে ভোট আদায়ের চেষ্টা করছে।” আউশগ্রামের বিজেপি প্রার্থী কলিতা মাঝিও একই অভিযোগ তোলেন।তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের গলসী প্রার্থী অলোক মাঝি। তাঁর দাবি, “ভোটে হার নিশ্চিত বুঝেই বিজেপি মিথ্যা অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। মানুষ দিদির সঙ্গেই রয়েছে।”
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা