
হুগলি, ২৯ এপ্রিল (হি.স.) : হুগলির গোঘাট থানার অন্তর্গত কামারপুকুর এলাকায় ইভিএম বহনকারী একটি গাড়িকে ঘিরে সাময়িক উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের সন্দেহের জেরে ঘটনাটি ঘিরে চাঞ্চল্য তৈরি হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের সামনে একটি গাড়ি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে এলাকাবাসীদের সন্দেহ হয়। পরে গাড়ির কাছে গিয়ে তারা দেখতে পান, ভিতরে ইভিএম রাখা রয়েছে। এর পরই বিষয়টি নিয়ে উত্তেজনা বাড়তে থাকে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পঞ্চায়েতের দায়িত্বপ্রাপ্ত কর্মী ও পুলিশ। পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জানায়, নির্দিষ্ট বিধি মেনেই ইভিএম পরিবহণ করা হচ্ছিল।
বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA