
ইদুক্কি, ২৯ এপ্রিল (হি.স.) : কেরমের ইদুক্কিতে পাচাডির জোড়া হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। বুধবার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সাজি তার মা মেরিকুটি এবং ভাই রেজিকে নৃশংসভাবে হত্যা করার কথা স্বীকার করেছে।
তদন্তকারীদের সূত্রে জানা গেছে , গত ৪ এপ্রিল রাতে পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এই ঘটনা ঘটে। মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে ভাই রেজির সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে সাজি। ধীরে ধীরে সেই বচসা হাতাহাতিতে পরিণত হয়।
পুলিশ জানায়, সংঘর্ষের সময় রেজিকে মাটিতে ফেলে দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর অভিযুক্ত তার অসুস্থ, পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইসিস) মা মেরিকুটিকেও নির্মমভাবে আক্রমণ করে। তাকে দেয়ালে আছড়ে ফেলা, মুখে ঘুষি মারা এবং মাথা আঘাত করার অভিযোগ উঠেছে, যার ফলে তারও মৃত্যু হয়।
ঘটনার পর সাজি মৃতদেহ দুটি সবুজ জালে মুড়ে বাড়ির কাছের কাঠের ঘরে লুকিয়ে রাখে বলে অভিযোগ। তিন দিন পর সেগুলি বাড়ির প্রাঙ্গণে মাটি চাপা দেওয়া হয়।
অভিযুক্ত এরপর স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যায় এবং নিয়মিত কাজে যেত বলেও পুলিশ জানিয়েছে। ফলে প্রথমে কোনও সন্দেহ তৈরি হয়নি। পরে মা ও ভাই নিখোঁজ হওয়ায় গ্রামবাসীদের মধ্যে সন্দেহ বাড়ে। শেষ পর্যন্ত তার বোন সিনি নিখোঁজের অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। জিজ্ঞাসাবাদের সময় সাজি পালিয়ে যায়, যা সন্দেহ আরও গভীর করে। পরে তাকে গ্রেফতার করা হলে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে নেয়। পুলিশ পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য