
হুগলি , ২৯ এপ্রিল (হি.স.): হুগলির খানাকুলে ভোটকে ঘিরে ফের উত্তেজনা ছড়াল। আইএসএফের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে, ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
আক্রান্ত কর্মীর নাম শেখ মনিরুল বলে জানা গিয়েছে। অভিযোগ, কামদেবচক এলাকায় একটি বুথে আইএসএফের এজেন্ট বসতে না পারার খবর পেয়ে প্রার্থীর সঙ্গে সেখানে যান তিনি। সেই সময় তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। আইএসএফের দাবি, তাঁকে মারধর করা হয়েছে।
ঘটনায় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
এর প্রতিবাদে খানাকুল থানার সামনে বিক্ষোভে বসেন আইএসএফ প্রার্থী সাদ্দাম হোসেন। তাঁর অভিযোগ, এলাকায় গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে এবং বিরোধী এজেন্টদের বুথে বসতে দেওয়া হচ্ছে না।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA