
কলকাতা, ২৮ এপ্রিল (হি. স.):- রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরবাল বুধবার আলিপুর পার্ক রোডের মিনারেল এক্সপ্লোরেশন অ্যান্ড কনসালটেন্সি লিমিটেডের ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কমিশনের চোখে সবাই সমান এবং সকলকেই সমানভাবে দেখা হয়। ভবানীপুর কেন্দ্রের প্রার্থী তথা মমতা বন্দ্যোপাধ্যায়-র কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তোলা অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, কারও অভিযোগ থাকলে তা কমিশনের কাছে জানানো যেতে পারে। অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে এবং কেউ দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।তবে তাঁর দাবি, তিনি কোথাও দেখেননি যে কেন্দ্রীয় বাহিনী ভোটারদের বিরক্ত করছে। কেন্দ্রীয় বাহিনী বুথের ভিতরে প্রবেশ করতে পারে না বলেও তিনি স্পষ্ট করেন। কোনও রাজনৈতিক দলের এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগও তাঁর কাছে আসেনি বলে জানান তিনি। ভোটের হার বৃদ্ধির প্রসঙ্গে মনোজ আগরওয়াল বলেন, নির্বাচন কমিশনের সচেতনতা প্রচার এবং বহুতলে ভোটকেন্দ্র তৈরির ফলে কলকাতায় ভোটদানের হার বেড়েছে। ভবিষ্যতে এক দফাতেই নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়