
কলকাতা, ২৯ এপ্রিল (হি.স.): কলকাতার মিত্র ইন্সটিটিউশনে ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেল ৪টের পর ভোট দেন তিনি| এদিন বাহিনীর বিরুদ্ধে সরব হয়ে মমতা বলেন, তৃণমূলই জিতছে। সিআরপিএফ আমাদের লোকজনদের উপর অত্যাচার চালিয়েছে। বাচ্চাদের মেরেছে, মেয়েদের মেরেছে। কী যে করছে, ভাবতে পারবেন না। কাল রাত থেকে কেন্দ্রীয় বাহিনী অত্যাচার করছে। এটা আদালত অবমাননা। আমার পাড়ার লোক, মেয়েদের মেরেছে। কী যে করছে, কী যে না করছে ওরা। এটা কি ওদের ডিউটি? এটা ওরা করতে পারে না। আরামবাগ, খানাকুল, গোঘাটেও অত্যাচার করছে। তৃণমূলই জিতছে। বিজেপি হারছে, দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা হবে তৃণমূলের।
বুধবার, ভোটের দিন সকালেই কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন মমতা। প্রথমেই তিনি পৌঁছে যান চেতলায়। সেখানে গিয়ে ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলেন তিনি। তার পরে বলেন, আমি আজ সারা দিন রাস্তায় থাকব। তবে মুখ্যমন্ত্রী হিসাবে নয়, তৃণমূল প্রার্থী হিসাবে। সকাল থেকেই দফায় দফায় কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন, পুলিশ পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা। তিনি এ-ও জানান, মঙ্গলবার সারা রাত জেগে পরিস্থিতির উপর নজর রেখেছেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ