
কলকাতা, ২৯ এপ্রিল ( হি. স.) : ভবানীপুর বিধানসভা কেন্দ্রের হাই-প্রোফাইল প্রার্থী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার তাঁর ভোটাধিকার প্রয়োগ করলেন। বুধবার দুপুরে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে নিজের ভোট দেন তিনি। ভোটদান প্রক্রিয়া শেষ করে বুথ থেকে বেরিয়ে তিনি সোজা চলে যান কালীঘাট মন্দিরে।
সেখানে গিয়ে দেবী দক্ষিণাকালীর দর্শন করেন এবং রাজ্যের মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনায় পুজো দেন মুখ্যমন্ত্রী। প্রতিবারই ভোটের দিন মিত্র ইনস্টিটিউশনে ভোট দেওয়ার পর কালীঘাট মন্দিরে যাওয়ার একটি প্রথা বজায় রাখেন তিনি। এদিনও তার ব্যতিক্রম হয়নি।
মন্দিরে পুজো দেওয়ার সময় সেখানে উপস্থিত সাধারণ মানুষ ও ভক্তদের সঙ্গেও তাঁকে কথা বলতে দেখা যায়। মন্দির চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। পুজো শেষে তিনি পুনরায় নিজের বাসভবনের উদ্দেশে রওনা দেন।
বিকেল ৩টে পর্যন্ত ভোটদানের হারের নিরিখে ভবানীপুর তথা কলকাতা দক্ষিণ কেন্দ্রে ভোটারদের বেশ ভালোই সাড়া লক্ষ্য করা গিয়েছে। তবে সকাল থেকেই এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বুথ পরিদর্শন ও কেন্দ্র-রাজ্য সংঘাতের জেরে রাজনৈতিক পারদ তুঙ্গে ছিল।
হিন্দুস্থান সমাচার / সোনালি