
হুগলি , ২৯ এপ্রিল (হি.স.): ভোটগ্রহণ চলাকালীন হুগলির খানাকুলে নতুন করে বিতর্ক। অভিযোগ, বুধবার পুরশুড়া বিধানসভার পরিচয়পত্র ব্যবহার করে অন্য বিধানসভার বুথে জেনারেটর অপারেটর হিসেবে বসেছিলেন এক তৃণমূল কর্মী।
ঘটনাটি ঘটেছে খানাকুলের উদয়পুর নিম্ন বুনিয়াদি স্কুলে অবস্থিত একটি বুথে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির পরিচয়পত্র যাচাই করতে গিয়েই অসঙ্গতি ধরা পড়ে। অভিযোগ, পুরশুড়া বিধানসভার ভোটার পরিচয়পত্র ব্যবহার করে খানাকুল বিধানসভার বুথে দায়িত্ব পালন করছিলেন তিনি, যা নির্বাচন বিধি লঙ্ঘনের সামিল।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সুশান্ত ঘোষ । তিনি নির্বাচন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। তাঁর অভিযোগ, শাসকদলের তরফে পরিকল্পিতভাবে ভোট প্রক্রিয়ায় প্রভাব খাটানোর চেষ্টা করা হচ্ছে।অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলীয় নেতৃত্বের দাবি, অযথা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং তদন্ত হলে প্রকৃত সত্য সামনে আসবে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। নির্বাচন কমিশন গোটা বিষয়টি খতিয়ে দেখছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA