অবসরপ্রাপ্ত হোমগার্ডদের পেনশন বৃদ্ধির দাবিতে পুলিশ মহানির্দেশককে ডেপুটেশন
আগরতলা, ২৯ এপ্রিল (হি.স.) : মাসিক পেনশন বৃদ্ধি করে ১০ হাজার টাকা করার দাবিতে বুধবার ত্রিপুরা পুলিশের মহা নির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করলেন অবসরপ্রাপ্ত হোমগার্ডরা। একই সঙ্গে ফ্যামিলি পেনশন চালু এবং বর্ধিত মহার্ঘ ভাতা (ডিএ) পেনশনের সঙ্গে যুক্ত কর
অবসরপ্রাপ্ত হোমগার্ডদের ডেপুটেশন


আগরতলা, ২৯ এপ্রিল (হি.স.) : মাসিক পেনশন বৃদ্ধি করে ১০ হাজার টাকা করার দাবিতে বুধবার ত্রিপুরা পুলিশের মহা নির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করলেন অবসরপ্রাপ্ত হোমগার্ডরা। একই সঙ্গে ফ্যামিলি পেনশন চালু এবং বর্ধিত মহার্ঘ ভাতা (ডিএ) পেনশনের সঙ্গে যুক্ত করার দাবিও উত্থাপন করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই আর্থিক অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন রাজ্যের অবসরপ্রাপ্ত হোমগার্ডরা। বর্তমানে তাঁরা মাসিক মাত্র আড়াই হাজার টাকা পেনশন পান, যা দিয়ে সংসার চালানো তো দূরের কথা, চিকিৎসার খরচ মেটানোও দুঃসাধ্য হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে পেনশন বৃদ্ধির দাবিতে বহুবার সংশ্লিষ্ট দফতরের দৃষ্টি আকর্ষণ করা হলেও তেমন সুরাহা হয়নি বলে অভিযোগ।

এরই প্রেক্ষিতে বুধবার আগরতলায় রাজ্য পুলিশের সদর দফতরের সামনে জড়ো হন অবসরপ্রাপ্ত হোমগার্ডরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে তাঁরা নিজেদের দাবির পক্ষে স্লোগান তোলেন এবং দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান। পরে তাঁদের পক্ষ থেকে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকরের সঙ্গে সাক্ষাৎ করে তিন দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি তাঁর হাতে তুলে দেন।

দাবিগুলির মধ্যে রয়েছে—অবসরপ্রাপ্ত হোমগার্ডদের মাসিক পেনশন ১০ হাজার টাকা নির্ধারণ, ফ্যামিলি পেনশনের ব্যবস্থা চালু করা এবং বর্ধিত ডিএ পেনশনের সঙ্গে যুক্ত করা।

অবসরপ্রাপ্ত হোমগার্ডদের পক্ষ থেকে স্বপন চক্রবর্তী জানান, বর্তমানে রাজ্যে প্রায় ৬০০ জন অবসরপ্রাপ্ত হোমগার্ড রয়েছেন। বর্তমান পেনশনের অঙ্ক অত্যন্ত কম হওয়ায় তাঁদের জীবিকা নির্বাহে চরম সমস্যা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, “এই সামান্য টাকায় সংসার ও চিকিৎসার খরচ চালানো সম্ভব নয়। তাই আমরা বাধ্য হয়েই আন্দোলনের পথে নেমেছি।”

তিনি জানান, রাজ্য পুলিশের মহা নির্দেশক তাঁদের দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেছেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন। এই আশ্বাসে কিছুটা আশাবাদী হলেও, দ্রুত কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন অবসরপ্রাপ্ত হোমগার্ডরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande