
আগরতলা, ২৯ এপ্রিল (হি.স.) : রাজ্যের ইটভাটা শ্রমিকদের ন্যায্য অধিকার ও বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে বুধবার শ্রম দফতরে ডেপুটেশন প্রদান করল সিআইটিইউ অন্তর্ভুক্ত ত্রিপুরা ইট ভাটা শ্রমিক ইউনিয়ন। পাঁচ দফা দাবিকে সামনে রেখে এদিন শ্রমিকরা শহরে মিছিল করে শ্রম দফতরের সামনে জড়ো হন এবং বিক্ষোভ প্রদর্শন করেন।
ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরেই ইটভাটা শ্রমিকরা চরম আর্থিক অনিশ্চয়তা ও বঞ্চনার শিকার। সেই প্রেক্ষিতে তাঁদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে—শ্রমিকদের প্রাপ্য মজুরি সময়মতো প্রদান নিশ্চিত করা, বহিঃরাজ্য থেকে কয়লা আমদানির ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা দূর করা, বিভিন্ন সরকারি প্রকল্পে শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা ব্যবস্থা কার্যকর করা।
এদিনের কর্মসূচিতে উপস্থিত সিআইটিইউ নেতৃবৃন্দ বক্তব্য রাখতে গিয়ে শ্রমিকদের দুর্দশার চিত্র তুলে ধরেন। তাঁরা অভিযোগ করেন, রাজ্যের ইটভাটা ও নির্মাণ শ্রমিকরা দীর্ঘদিন ধরে উপযুক্ত মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন এবং নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। ফলে তাঁদের জীবনযাত্রা ক্রমশ দুর্বিষহ হয়ে উঠছে।
প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে বিপুল সংখ্যক শ্রমিকের এই কর্মসূচিতে অংশগ্রহণকে সাধুবাদ জানিয়ে নেতারা বলেন, শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনই তাঁদের অধিকার আদায়ের একমাত্র পথ। তাঁরা স্পষ্ট করে জানান, উত্থাপিত পাঁচ দফা দাবি অবিলম্বে পূরণ করতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন শ্রমিকরা। ডেপুটেশন গ্রহণ করে শ্রম দফতরের কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ