অঙ্গনওয়াড়ী কর্মীদের নিয়মিতকরণের দাবিতে আগরতলায় মিছিল, মুখ্যমন্ত্রীর সচিবের কাছে ডেপুটেশন
আগরতলা, ২৯ এপ্রিল (হি.স.) : নিয়মিতকরণসহ একাধিক দাবিতে বুধবার রাজধানী আগরতলায় বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল বিএমএস সমর্থিত অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকা সংঘ। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মী ও সহায়
অঙ্গনওয়াড়ি কর্মীদের মিছিল


আগরতলা, ২৯ এপ্রিল (হি.স.) : নিয়মিতকরণসহ একাধিক দাবিতে বুধবার রাজধানী আগরতলায় বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল বিএমএস সমর্থিত অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকা সংঘ। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মী ও সহায়িকারা জমায়েত গড়ে তোলেন এবং মিছিল করে মহাকরণের উদ্দেশ্যে রওনা হন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে অবিলম্বে অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকাদের চাকরি নিয়মিত করা, তাঁদের পেনশনের পরিমাণ বৃদ্ধি করা এবং অন্যান্য দাবি পূরণের লক্ষ্যে এই আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে। একই দাবিতে বুধবার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সচিবের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।

এদিন সকাল থেকেই বৃষ্টি সত্ত্বেও রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে জড়ো হন অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকারা। সেখান থেকে তাঁরা সুশৃঙ্খলভাবে মিছিল শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে মহাকরণের দিকে অগ্রসর হন। তবে সার্কিট হাউস সংলগ্ন এলাকায় পুলিশ মিছিলের অগ্রযাত্রা আটকে দেয়, ফলে সেখানে কিছুক্ষণ উত্তেজনার সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।

পরবর্তীতে, সংগঠনের প্রতিনিধিরা সেখানে থেকেই মুখ্যমন্ত্রীর সচিবের নিকট ডেপুটেশন প্রদান করেন। এ প্রসঙ্গে ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভানেত্রী দেবশ্রী কলই সাংবাদিকদের জানান, অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকারা দীর্ঘদিন ধরে অত্যন্ত কম মাইনে নিয়ে গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব পালন করছেন। তাই তাঁদের ন্যায্য দাবি পূরণে সরকারের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী কর্মীদের মর্যাদা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিতও দেন তিনি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande