ধর্মনগরে চুরির চক্র ভাঙল পুলিশ, গ্রেফতার দুই, উদ্ধার সামগ্রী
ধর্মনগর (ত্রিপুরা), ২৯ এপ্রিল (হি.স.) : উত্তর ত্রিপুরার ধর্মনগরে পরপর চুরির ঘটনায় জড়িত চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। সম্প্রতি কলেজ রোড এলাকায় সংঘটিত চুরির ঘটনার তদন্তে নেমে পুলিশ একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন করতে
ধর্মনগরে বামাল চোর গ্রেফতার


ধর্মনগর (ত্রিপুরা), ২৯ এপ্রিল (হি.স.) : উত্তর ত্রিপুরার ধর্মনগরে পরপর চুরির ঘটনায় জড়িত চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। সম্প্রতি কলেজ রোড এলাকায় সংঘটিত চুরির ঘটনার তদন্তে নেমে পুলিশ একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, কলেজ রোডে সংঘটিত চুরির ঘটনায় প্রথমে কম্পু শুক্লদাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এরপর তাঁকে জোরালোভাবে জিজ্ঞাসাবাদ চালানো হলে আরও একটি চুরির ঘটনার তথ্য সামনে আসে। জানা যায়, চলতি মাসের ৯ ও ১০ তারিখের মধ্যে ধর্মনগরের দিঘলবাগ এলাকায় আরেকটি চুরির ঘটনা ঘটেছিল, যেখানে কম্পু শুক্লদাস সরাসরি জড়িত ছিল।

তদন্তে উঠে আসে, ওই ঘটনায় কম্পু শুক্লদাসের সহযোগী হিসেবে কাজ করেছিল সঞ্জয় দাস (৩৫)। তাঁর বাড়ি উত্তর হুরুয়া এলাকায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে পুলিশ সঞ্জয় দাসকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, ধৃত সঞ্জয় দাসকে জিজ্ঞাসাবাদ করে চুরি হওয়া সামগ্রীর অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মেলে। তারই ভিত্তিতে চন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে গৃহস্থালির মূল্যবান জিনিসপত্র রয়েছে বলে জানা গেছে।

ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং সঞ্জয় দাসকে আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি, এই চুরির চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত জোরদার করা হয়েছে।

ধর্মনগর থানার জনৈক আধিকারিক জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরির ঘটনাগুলি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে নজরদারি আরও বাড়ানো হবে বলেও তিনি আশ্বাস দেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande