
আরামবাগ, ৩ এপ্রিল (হি.স.) : আরামবাগ বিধানসভার সালেপুর ১ নম্বর অঞ্চলের রায়পুর এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে এক মারধরের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, এক তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থক ও তাঁর বৃদ্ধা মাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় ওই কর্মীর মা ছায়া চংদারকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হামলায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে ঘটনাস্থলে পৌঁছে তৃণমূল প্রার্থী মিতা বাগ বিজেপির বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন। তাঁর দাবি, ভোটের আগে বিরোধীরা পরিকল্পিতভাবে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে এবং মহিলাদের উপর হামলার মতো ঘটনা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক।
অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী হেমন্ত বাগ। তিনি জানান, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। তাঁর দাবি, এলাকায় অবৈধ মদের কারবারকে কেন্দ্র করে স্থানীয় স্তরে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে বিজেপির নাম জড়ানো হচ্ছে। ঘটনাকে ঘিরে আরামবাগে রাজনৈতিক সংঘাত নতুন মাত্রা পেয়েছে। নির্বাচনের মুখে এই ধরনের হিংসাত্মক ঘটনা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে বলে মনে করছে রাজনৈতিক মহল। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA