
বাঁকুড়া, ৩ এপ্রিল (হি. স. ): কেন্দ্রীয় সরকারের নীতিতে গরিব মানুষের ওপর কর, রান্নার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির চাপ বাড়ছে বলে অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পাত্রসায়েরের গরুর হাটে আয়োজিত এক জনসভা থেকে তিনি বলেন, “একদিকে মোদী সরকার মানুষের পকেট কাটছে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে প্রতি মাসে আর্থিক সহায়তা দিচ্ছে—এটাই দু’সরকারের মধ্যে পার্থক্য।”
সোনামুখী ও ইন্দাসের তৃণমূল প্রার্থী ডাঃ কল্লোল সাহা ও শ্যামলী রায় বাগদীর সমর্থনে আয়োজিত সভায় অভিষেক দাবি করেন, কেন্দ্র রাজ্যের জন্য কোনও অতিরিক্ত সুযোগ দেয়নি। পাশাপাশি তিনি বলেন, ইন্দাসে সাংসদ ও বিধায়ক দু’জনই বিজেপির হলেও এলাকায় উন্নয়নের অভাব স্পষ্ট। বিজেপি বিধায়ক নির্মল ধারা ‘নিখোঁজ’ বলেও কটাক্ষ করেন তিনি।
অভিষেক জানান, ২০২১ সালে ইন্দাসে তৃণমূল পিছিয়ে থাকলেও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দল এগিয়ে ছিল। এ বার শ্যামলী রায় বাগদীকে প্রার্থী করে মহিলাদের ক্ষমতায়নের বার্তা দেওয়া হয়েছে।
তিনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উল্লেখ করে বলেন, কলেজ, আইটিআই, কৃষাণমান্ডি, দমকল কেন্দ্র, সেতু নির্মাণ-সহ একাধিক প্রকল্প বাস্তবায়িত হয়েছে। সোনামুখীতে ১৪ কোটি টাকার সেতু, পাত্রসায়েরে ১৫০ কোটি টাকার কৃষাণমান্ডি নির্মাণ এবং গ্রামীণ এলাকায় বাঁধ নির্মাণের কথাও তুলে ধরেন তিনি।
সভায় উপস্থিতির উল্লেখ করে অভিষেক দাবি করেন, “২৩ এপ্রিল ভোটে বিজেপির জামানত বাজেয়াপ্ত হবে।” তিনি আরও বলেন, যারা বাংলাকে বঞ্চিত করেছে, মানুষ তাদের জবাব দেবে। বাঁকুড়া ও বিষ্ণুপুরে তৃণমূলের জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট