
মালদা, ৩ এপ্রিল (হি. স.):- পুরাতন মালদার মঙ্গলবাড়ি তাঁতিপাড়া মাঠে শুক্রবার দুপুরে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষের সমর্থনে এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভার শুরুতেই তিনি সকলকে আসন্ন বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানান এবং মালদার প্রয়াত বাবলা সরকারের স্মৃতিচারণ করেন।সভা থেকে একাধিক ইস্যুতে বিজেপিকে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে বারবার ‘মোটু ভাই’ বলে উল্লেখ করেন তিনি। মালদার মোথাবাড়ির ঘটনায় বিজেপি ও মিমকে দায়ী করেন তৃণমূল সুপ্রিমো।এছাড়াও এসআইআর ইস্যুতে তিনি বলেন, বিজেপির কাজই হল ভোট কেটে দেওয়া এবং সব ধর্মের মানুষের উপর অত্যাচার করা। তিনি দাবি করেন, সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েছে এবং অনেক মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কেও আক্রমণ করেন।সভা শেষে সাঁওতালি গানের সঙ্গে নাচে অংশ নেন মুখ্যমন্ত্রী এবং সকলের সুস্থ ও ভালো থাকার কামনা জানান। জনসভাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ভিড় ও উৎসাহ লক্ষ্য করা যায়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়