
সোনিপত, ৩ এপ্রিল (হি.স.): হরিয়ানার সোনিপত জেলার কুন্ডলি শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর প্রায় চারটে নাগাদ কুলার, পাখা ও জুসার-মিক্সার তৈরির একটি কারখানায় আগুন লাগে, যা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের আরও তিনটি কারখানায়। কারখানায় উপস্থিত শ্রমিকরা দ্রুত বাইরে বেরিয়ে এসে প্রাণে রক্ষা পান এবং দমকলকে খবর দেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের এলাকা খালি করে দেওয়া হয়।
এদিন দমকল সূত্রে জানা গিয়েছে, প্রবল হাওয়ার কারণে আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। একটি কারখানার ভেতরে থাকা একটি গাড়িও আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘন ধোঁয়ার কারণে উদ্ধারকাজে সমস্যা তৈরি হয় এবং একাধিক জায়গায় লোহার কাঠামো পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে সোনিপত ছাড়াও পানিপত , ঝাজ্জর-সহ আশপাশের এলাকা থেকে মোট ১৮টি দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। কুন্ডলি, রাই এডুকেশন সিটি, গন্নৌর, গোহানা এবং বাহাদুরগড় থেকে আসা দমকল কর্মীরা দীর্ঘক্ষণ ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। প্রয়োজনে নারেলা থেকেও সাহায্য নেওয়ার উদ্যোগ করা হয়। পুলিশও ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং এলাকা খালি করতে সহায়তা করে।
দমকল আধিকারিকদের দাবি, আপাতত কোনও হতাহতের খবর নেই। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য