নির্বাচনের আগে তৎপর পুলিশ, মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার
মুর্শিদাবাদ, ৩ এপ্রিল (হি. স.) : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মুখে রাজ্যজুড়ে পুলিশের বিশেষ তৎপরতার মধ্যে বিভিন্ন জেলা থেকে লাগাতার আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হচ্ছে। মুর্শিদাবাদ জেলায় একটি দেশি পিস্তল ও কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেফতার করে
নির্বাচনের আগে তৎপর পুলিশ, মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার


মুর্শিদাবাদ, ৩ এপ্রিল (হি. স.) : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মুখে রাজ্যজুড়ে পুলিশের বিশেষ তৎপরতার মধ্যে বিভিন্ন জেলা থেকে লাগাতার আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হচ্ছে। মুর্শিদাবাদ জেলায় একটি দেশি পিস্তল ও কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার পুলিশ সূত্রে জানানো হয়েছে, মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকার সদানন্দপুরে বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেই সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে একটি দেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়। ধৃত যুবকের নাম জিল্লার শেখ। শুক্রবার তাকে বহরমপুর জেলা আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

একইভাবে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া এলাকাতেও বৃহস্পতিবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, নদিয়া জেলাতেও সম্প্রতি অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত মঙ্গলবার রাতে তাহেরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ একটি আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে। এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর করা হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে নাকা চেকিংয়ের মাধ্যমে কড়া নজরদারি চালানো হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande