
আগরতলা, ৩ এপ্রিল (হি.স.) : দীর্ঘ প্রায় চার দশক পর অবশেষে দখলমুক্ত হল একটি গুরুত্বপূর্ণ সরকারি রাস্তা। আদালতের নির্দেশ এবং প্রশাসনের সক্রিয় উদ্যোগে শুক্রবার শহরের ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডের সারদা পল্লী ৭৯ টিলা এলাকায় এই দখলমুক্তির অভিযান পরিচালিত হয়। ফলে বহুদিন ধরে বন্ধ থাকা পথটি পুনরায় যান চলাচলের উপযোগী করে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সারদা পল্লী এলাকায় একটি সরু রাস্তা ছিল, যা দিয়ে ছোট যানবাহন সহজেই চলাচল করতে পারত। বিশেষ করে জিবিপি হাসপাতাল থেকে ডনবস্কো স্কুল ভায়া খয়েরপুর রোডে যানজট তৈরি হলে চালকরা বিকল্প পথ হিসেবে এই রাস্তাটি ব্যবহার করতেন। কিন্তু প্রায় ৪০ বছর আগে এলাকার এক ব্যক্তি রাস্তার একটি অংশ জবরদখল করে সেখানে বাড়ি নির্মাণ করেন। এর ফলে ধীরে ধীরে পথটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং এলাকাবাসীর দুর্ভোগ বাড়তে থাকে।
এই সমস্যা সমাধানে বহুবার স্থানীয় বাসিন্দারা উদ্যোগ নিলেও প্রতিবারই তা ব্যর্থ হয়। শেষপর্যন্ত বিষয়টি আদালতে গড়ায়। সম্প্রতি আদালত রায় দিয়ে সংশ্লিষ্ট রাস্তা দখলমুক্ত করার জন্য এবং রাজ্য প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।
আদালতের নির্দেশ অনুযায়ী শুক্রবার প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে অভিযান চালিয়ে রাস্তা দখলমুক্তকরণ সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লতা নাথসহ পুর নিগম ও প্রশাসনের আধিকারিকরা। উল্লেখযোগ্য বিষয় হল, অভিযানের সময় দখলদার ব্যক্তি কোনওরূপ বাধা দেননি এবং আদালতের রায় মেনে দখলকৃত জমি ছেড়ে দেন বলে স্থানীয়রা জানান।
জানা গেছে, ওই ব্যক্তি প্রায় এক গণ্ডা তিন করা সাত ফুট পরিমাণ জমি দখল করে নির্মাণ করেছিলেন। দীর্ঘদিন পর প্রশাসনের হস্তক্ষেপে রাস্তা দখলমুক্ত হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এদিন জনৈক স্থানীয় বাসিন্দা জানান, “প্রায় ৪০ বছর ধরে এই রাস্তা বন্ধ ছিল। এখন প্রশাসনের উদ্যোগে রাস্তা পুনরায় চালু হতে চলেছে, এতে আমরা খুবই খুশি।”
রাস্তা দখলমুক্ত হওয়ায় স্থানীয় বাসিন্দারা রাজ্য প্রশাসন এবং আগরতলা পুর নিগম কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন। তাঁদের মতে, এই রাস্তা চালু হলে এলাকার যান চলাচল অনেকটাই স্বাভাবিক হবে এবং বিকল্প পথ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ