
ঋষিকেশ, ৫ এপ্রিল (হি.স.): আসন্ন বদ্রীনাথ ধাম যাত্রা-র প্রস্তুতির অংশ হিসেবে ‘গাডু ঘড়া’ (তেল কলশ) যাত্রা ৭ এপ্রিল নরেন্দ্র নগর রাজদরবার থেকে শুরু হয়ে ঋষিকেশ পৌঁছবে।
রবিবার মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৭ এপ্রিল রাতে যাত্রাটি রেলওয়ে রোডের চেলা ক্ষেত্রম ধর্মশালায় বিশ্রাম নেবে। পরদিন সকালে ভক্তরা তেল কলশ দর্শনের সুযোগ পাবেন। এরপর পুজো ও প্রসাদ বিতরণ শেষে যাত্রা লক্ষ্মণ ঝুলা হয়ে শ্রীনগর গাড়োয়ালের উদ্দেশ্যে রওনা দেবে।
এই যাত্রার সূচনা করবেন রাজ পরিবারের সদস্য মনুজ্যেন্দ্র শাহ। ঐতিহ্য অনুযায়ী রাজপ্রাসাদে রানী ও বিবাহিত মহিলারা তিলের তেল প্রস্তুত করে কলশে ভরে ডিমরি পঞ্চায়েতের হাতে তুলে দেবেন।
নির্ধারিত সূচী অনুযায়ী, ১৯ এপ্রিল পাখি গ্রাম, ২০ এপ্রিল নৃসিংহ মন্দির জ্যোতির্মঠ ও রবি গ্রাম, ২১ এপ্রিল পাণ্ডুকেশ্বরে রাত্রিযাপন করবে এই যাত্রা। ২২ এপ্রিলের মধ্যে এটি বদ্রীনাথ ধাম পৌঁছে যাবে।
এরপর ২৩ এপ্রিল সকাল ৬টা ১৫ মিনিটে ধর্মীয় আচার মেনে বদ্রীনাথ ধামের মন্দিরের দ্বার ভক্তদের জন্য খুলে দেওয়া হবে।
মন্দির কমিটি ও ডিমরি ধর্মীয় পঞ্চায়েতের যৌথ উদ্যোগে আয়োজিত এই যাত্রা বদ্রীনাথ যাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ আচার হিসেবে বিবেচিত হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য