
গুয়াহাটি, ৫ এপ্রিল (হি.স.) : আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কংগ্ৰেসের সর্বভারতীয় নেতা পবন খেড়ার বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি মামলা দায়ের হবে বলে সতৰ্ক করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। অসমে বিধানসভা নির্বাচনের আবহে সর্বভারতীয় কংগ্রেসের মুখপাত্র পবন খেড়া মুখ্যমন্ত্রী ড. শৰ্মার স্ত্রী রিনিকি ভূঞা শর্মার বিরুদ্ধে একাধিক পাসপোর্ট আছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন।
কংগ্ৰেস নেতার এই অভিযোগ সটান অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। পবন খেড়ার অভিযোগের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খেড়ার বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি মামলা দায়ের হবে। তাঁকে প্ৰমাণ করতে হবে, রিনিকির নামে একাধিক পাসপোর্ট আছে। মুখ্যমন্ত্রীর দাবি, তিনি যে সব দেখাচ্ছেন, এগুলো এআই-এর মাধ্যমে তৈরি।
আজ রবিবার কংগ্র্রেসের সাংবাদিক সম্মেলনকে দলের অভ্যন্তরীণ গভীর অসন্তোষ ও উদ্বেগের বহিঃপ্রকাশ বলে কটাক্ষ করেছেন হিমন্তবিশ্ব।। তিনি বলেন, অসম যখন একটি ঐতিহাসিক জনাদেশের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এ ধরনের হতাশাজনক ও ভিত্তিহীন আক্রমণ তাদের দুর্বল হয়ে পড়া জনসমর্থনকেই সামনে আনছে।
এক্স-এ মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার বিরুদ্ধে তোলা প্রতিটি অভিযোগ আমি সম্পূর্ণভাবে অস্বীকার করছি। এগুলো বিদ্বেষপূর্ণ, মনগড়া এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা, যার উদ্দেশ্য অসমের জনগণকে বিভ্রান্ত করা।’
মুখ্যমন্ত্ৰী বলেন, এ ধরনের বক্তব্য আসলে প্রমাণহীন দাবি মাত্র। তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও গৌরব গগৈয়ের প্রসঙ্গ টেনে বলেন, প্রমাণ ছাড়া এ ধরনের অভিযোগ সহজেই তোলা যায়। তিনি জোর দিয়ে বলেন, এই বক্তব্যগুলি তাঁর পরিবারের বিরুদ্ধে আনা অভিযোগগুলির প্রমাণের অভাবকেই তুলে ধরে।
মুখ্যমন্ত্রী জানান, তিনি এবং তাঁর স্ত্রী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পবন খেড়ার বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি, উভয় ধরনের মানহানির মামলা দায়ের করবেন। তাঁর এই দায়িত্বজ্ঞানহীন এবং মানহানিকর মন্তব্যের জন্য তাঁকে সম্পূর্ণভাবে জবাবদিহি করতে হবে।
তিনি বলেন, ‘বিচারব্যবস্থার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আদালতে সত্য প্রমাণিত হলে পবন খেড়াকে তাঁর কাজের ফল ভোগ করতে হবে। আইন তার নিজের মতো কাজ করবে।’
শেষে তিনি বলেন, ‘অসমের জনগণ এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আমরা সম্পূর্ণভাবে মনোযোগী, দৃঢ়প্রতিজ্ঞ এবং জনগণের কাছ থেকে ১০০-এর বেশি আসনের নির্ণায়ক জনাদেশ পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী।’
এখানে উল্লেখ করা যেতে পারে, এক সংবাদ সম্মেলনে বক্তব্য পেশ করকে গিয়ে কংগ্ৰেসের সর্বভারতীয় নেতা পবন খেড়া অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মার স্ত্রী রিনিকি ভূঞা শর্মার সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং অ্যান্টিগুয়া ও বারবুডা, এই তিনটি দেশের বৈধ পাসপোর্ট রয়েছে। তিনি এই অভিযোগের সমর্থনে নথিপত্রের প্রমাণ থাকার দাবিও করেছেন।
পবন খেরা প্রশ্ন তুলেন, কীভাবে একজন ভারতীয় নাগরিক একই সঙ্গে একাধিক বিদেশি পাসপোর্ট রাখতে পারেন? যেখানে ভারতীয় আইন দ্বৈত নাগরিকত্বের অনুমতি দেয় না। তিনি আরও প্রশ্ন তুলেছেন, কথিত এই নথিপত্র সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবগত ছিলেন কি না।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস