
বিকান, ৫ এপ্রিল (হি.স.): ভারত-পাকিস্তান সীমার কাছাকাছি খাজুওয়ালা এলাকায় এক ডেনিশ নাগরিককে সন্দেহজনক অবস্থায় ঘুরতে দেখে পুলিশ আটক করেছে। তিনি প্রায় সাত মাস আগে এক বছরের পর্যটক ভিসায় ভারতে এসেছিলেন।
রবিবার পুলিশ জানিয়েছে, খাজুওয়ালা বাজারের হাসপাতাল রোডে স্থানীয়রা ওই বিদেশিকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখেন। সীমান্ত এলাকা হওয়ায় সাধারণত বিদেশিদের চলাচল সীমিত, তাই খবর পেয়ে স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে এএসআই কিষাণ সিংহের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে যুবককে আটক করে।
থানার অফিসার সুরেন্দ্র প্রজাপত জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবক নিজেকে ডেনমার্কের বাসিন্দা হিসেবে পরিচয় দেন এবং কিছু প্রশ্নের উত্তর ইংরেজিতে দেন। পরে তিনি চুপ হয়ে যান। থানায় আনা হলে তিনি আবেগপ্রবণ হয়ে কাঁদতে শুরু করেন, যা ঘটনাটিকে সংবেদনশীল করে তোলে।
ঘটনার গুরুত্বকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান। যৌথভাবে করা জিজ্ঞাসাবাদে যুবকের কাছ থেকে কোনও সন্দেহজনক সামগ্রী উদ্ধার হয়নি, তবে তার উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠেছে।
পুলিশ জানিয়েছে, যুবকের কাছে বৈধ পাসপোর্ট এবং এক বছরের ভিসা রয়েছে, তবে সীমান্ত এলাকায় প্রবেশের জন্য বিশেষ অনুমতি তার কাছে ছিল না। খাজুওয়ালা এলাকা পাকিস্তান সীমার কাছাকাছি হওয়ায় এখানে বিদেশি নাগরিকদের প্রবেশ সীমিত।
প্রাথমিক তদন্ত শেষে যুবককে আরও গভীর তদন্তের জন্য বিকানের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে পাঠানো হয়েছে, যেখানে বিভিন্ন নিরাপত্তা সংস্থা তার সঙ্গে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশের ধারণা, তথ্যের অভাবে যুবক এই সংবেদনশীল এলাকায় প্রবেশ করেছেন, তবে নিরাপত্তা সংস্থা সকল সম্ভাবনাই খতিয়ে দেখছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য