নির্বাচনের মুখে বিপুল কড়াকড়ি : ৫ রাজ্যে বাজেয়াপ্ত নগদ ও অবৈধ সামগ্রীর পরিমাণ ৬৫১ কোটি ছাড়াল
নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচনের প্রেক্ষিতে জারি হওয়া আদর্শ আচরণ বিধি মেনে অভিযান চালিয়ে এখনও পর্যন্ত ৬৫১.৫১ কোটি টাকা মূল্যের নগদ অর্থ এবং অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে স্পষ্ট
ভোটের চিহ্ন


নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচনের প্রেক্ষিতে জারি হওয়া আদর্শ আচরণ বিধি মেনে অভিযান চালিয়ে এখনও পর্যন্ত ৬৫১.৫১ কোটি টাকা মূল্যের নগদ অর্থ এবং অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, অবাধ, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চারটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনী প্রস্তুতির মাঝে আচরণ বিধি কার্যকর করতে ব্যাপক নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে। এর অধীনে ৫,১৭৩টিরও বেশি ফ্লাইং স্কোয়াড এবং ৫,২০০-এর বেশি স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম মোতায়েন করা হয়েছে। অবৈধ কার্যকলাপ রুখতে এই দলগুলি বিভিন্ন এলাকায় ক্রমাগত তল্লাশি এবং নাকা চেকিং অভিযান চালাচ্ছে।

কমিশন জানিয়েছে যে, ইলেকট্রনিক সিজার ম্যানেজমেন্ট সিস্টেম -এর মাধ্যমে ২৬ ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী বাজেয়াপ্তের তালিকা নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫৩.২ কোটি টাকা নগদ, ৭৯.৩ কোটি টাকার মদ, ২৩০ কোটি টাকার মাদকদ্রব্য, ৫৮ কোটি টাকার মূল্যবান ধাতু এবং ২৩১.০১ কোটি টাকার অন্যান্য উপহার সামগ্রী।

রাজ্যভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, সর্বাধিক বাজেয়াপ্ত হয়েছে পশ্চিমবঙ্গে— যার পরিমাণ ৩১৯ কোটি টাকা। এরপর তামিলনাড়ুতে ১৭০ কোটি টাকা, অসমে ৯৭ কোটি টাকা, কেরালায় ৫৮ কোটি টাকা এবং পুডুচেরিতে ৭ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।

কমিশন আরও জানিয়েছে যে, সাধারণ মানুষের যাতে কোনো হয়রানি না হয়, তার জন্য জেলা স্তরে অভিযোগ নিষ্পত্তি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সাধারণ নাগরিক ও রাজনৈতিক দলগুলির কাছে আবেদন জানানো হয়েছে যেন তারা ‘সি-ভিজিল’ অ্যাপের মাধ্যমে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ দায়ের করেন, যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যায়।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande