
নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.): ইস্টার উপলক্ষে রবিবার দেশবাসীকে শুভেচ্ছা জানালেন, উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন এবং লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা।
উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন বলেন, যিশু খ্রিস্টের জীবন ও শিক্ষা মানবতার প্রতি ভালোবাসা, ত্যাগ, ক্ষমা ও সেবার বার্তা বহন করে। এই পবিত্র উৎসব মানুষের জীবনে নতুন আশার সঞ্চার করুক।
লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা তাঁর শুভেচ্ছাবার্তায় বলেন, ঈশ্বরের আশীর্বাদে এই দিন প্রত্যেকের জীবনে নতুন সূচনা এনে দিক। মানুষের বিশ্বাসকে দৃঢ় করে তুলুক এবং সুখ, শান্তি ও আশীর্বাদে ভরিয়ে তুলুক জীবন।
অন্যদিকে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-ও ইস্টার উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, ইস্টার সানডে বা পবিত্র রবিবার খ্রিস্টান ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। যা যিশু খ্রিস্ট-এর ক্রুশবিদ্ধ হওয়ার তৃতীয় দিনে পুনরুত্থানের স্মরণে পালিত হয়। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, এই দিন মৃত্যু থেকে জীবনের জয়ের প্রতীক এবং মানবজাতির জন্য আশা, মুক্তি ও নতুন সূচনার বার্তা বহন করে। ইস্টারের আগে ‘গুড ফ্রাইডে’ পালিত হয়, যেদিন যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার স্মরণ করা হয়; তার পরেই আসে ইস্টার, যা আনন্দ ও পুনর্জাগরণের প্রতীক। এই উপলক্ষে গির্জায় বিশেষ প্রার্থনা, ধর্মীয় অনুষ্ঠান এবং সামাজিক মিলনমেলার আয়োজন করা হয়, এবং গোটা বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে দিনটি পালন করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য