
কলকাতা, ৪ এপ্রিল (হি. স.):-রবিবারনির্বাচনী নজরদারির মধ্যে টালিগঞ্জ এলাকায় একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল পুলিশ ও স্ট্যাটিক সার্ভেইল্যান্স টিম (এসএসটি)। ঘটনাটি ঘটেছে এন এস সি বোস রোডের প্লাইউড হাউস মোড় এলাকায়, যা নেতাজি নগর পুলিশ স্টেশনের অন্তর্গত।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এসএসটি চেকিং চলাকালীন একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা উদ্ধার হয়। গাড়িটির নম্বর WB01BD 3693 বলে জানা গিয়েছে।গাড়িতে থাকা ব্যক্তির নাম আশুতোষ আগরওয়াল (৩৬)। তাঁর বাড়ি আলিপুরের জাজেস কোর্ট রোডের ডিভাইন ব্লিস, নর্থ ব্লকে। এত পরিমাণ নগদ টাকার বৈধ কাগজপত্র তাৎক্ষণিকভাবে দেখাতে না পারায় টাকা বাজেয়াপ্ত করা হয়।পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মেনে উদ্ধার হওয়া নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। নির্বাচনী বিধিনিষেধের মধ্যে এই বিপুল পরিমাণ নগদ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়